লোহিত সাগরে একটি পর্যটকবাহী ইয়ট ডুবে অন্তত ১৭ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। তবে কী কারণে চার তলার ইয়টটি ডুবে গেল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আঞ্চলিক গভর্নর ওমর হানাফি জানিয়েছেন, উপকূলীয় শহর মার্সা আলমের দক্ষিণে ইয়ট থেকে অন্তত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ১৪ জন ক্রু এবং বিভিন্ন দেশের ৩১ জন পর্যটক ছিলেন। সেখানে বিদেশি নাগরিকও ছিলেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডুবে যাওয়ার পর তারা বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবারকে কনস্যুলার সহায়তা দিচ্ছে। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ নাগরিকও রয়েছেন।
মার্সা আলম থেকে পাঁচ দিনের যাত্রায় রওনা হওয়া ইয়ট থেকে সবশেষ সোমবার (২৫ নভেম্বর) ভোরে কিছু বার্তা পাওয়া যায়।
যদিও মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ আগেই লোহিত সাগরে 'অশান্ত ও উঁচু ঢেউ' সম্পর্কে সতর্ক করেছিল। সেই সঙ্গে রোববার ও সোমবারের জন্য সামুদ্রিক কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
