বড় হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০২:০৬

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ৩৩৪ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান পেসারদের তোপে ধুঁকছে টাইগার ব্যাটাররা। মাত্র ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সেইসঙ্গে বড় হার চোখ রাঙাচ্ছে টাইগারদের।

৩৩৪ রানের টার্গেট ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। 

তার বিদায়ের পর পরই সাজঘরের পথে ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৭ রানে ১০ বলে ৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক শাহাদত হোসেন দিপু।

তবে দলীয় ২৩ রানে মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২ বলে ৪ ও মুমিনুল ৩৬ বলে ১১ রান করে আউট হন। 

এই দুই ব্যাটারের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস প্রতিরোধের চেষ্টা করছেন। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।   

ইত্তেফাক/জেডএইচ