ফুটবলের নতুন মৌসুম নিয়ে লিগ কমিটির পিছুটান

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৭

তিন সপ্তাহ আগে বাফুফের নির্বাহি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল আগস্ট সেপ্টেম্বরে দলবদল। ক্যালেন্ডারও চূড়ান্ত হয়েছিল। বাফুফের সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে লিগ কমিটি। ক্লাবগুলোকে না জানিয়ে দলবদলের ঘোষণায় ৯ ক্লাব সিদ্ধান্ত নেয় তারা দলবদলে যাবে না। এ পরিস্থিতিতে বাফুফের নির্বাহী কমিটির সিদ্ধান্ত বদলে দিয়ে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বললেন,‘আগেরটি ছিল খসড়া। মৌসুম শেষ হওয়ার আগে দলবদলের তারিখ ঘোষণা দেয়াটা ঠিক হয়নি। চলতি মৌসুম সেপ্টেম্বরে শেষ হবে।’ এর মধ্যে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট হবে। লিগ কমিটি পরিকল্পনা করেছে লিগ হবে ৬ মাস এবং দুই মাস হবে ফেডারেশন কাপ এবং অন্যান্য টুর্নামেন্ট।

বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ জানিয়েছেন তারা ৭টি লিখিত দাবী দিয়েছেন। লিগ কমিটির চেয়ারম্যান বলেছেন এসব তাঁর পক্ষে পূরণ করা সম্ভব না। বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে কথা বলতে হবে। সাঈদ বলেন, ‘সাত দাবীর মধ্যে অন্যতম ছিল সঠিক সময়ে দলবদল এবং লিগ। লিগটা ৬ মাসের মধ্যে শেষ করতে হবে। পার্টিসিপেশন মানি  ৩০ লাখ টাকা করে দাবী করেছিলাম। কিন্তু সালাম ভাই বলেছেন এটা তার পক্ষে সম্ভব না। তিনি (সালাম) বলেছেন স্পন্সর হতে যে টাকা পেয়েছিলাম সেখান হতে ফেডারেশন কাপ, চ্যাম্পিয়নশিপের খরচ হয়েছে। একজন মানুষ যদি এভাবে তার সহায়ত্বের কথা বলেন তাহলে আমাদের মেনে নেয়া ছাড়া কিছু করার থাকে না।’ ক্লাবগুলোকে আপাতত ২০ লাখ টাকা করে দেবে।