হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। লো স্কোরিং ম্যাচে সাইম আইয়ুবের সেঞ্চুরিতে ১০ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে বরার আহমেদের ঘূর্ণিতে ৩২ ওভার ৩ বলে মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে ডিয়ন মায়ার্স করেন সর্বোচ্চ ৩০ বলে ৩৩ রান। এছাড়া সেন উইলিয়ামস করেন ৩৯ বলে ৩১ রান। পাকিস্তানের পক্ষে আববার নেন ৪টি উইকেট।
১৪৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন দুই পাক ওপেনার সায়েম আয়ুব ও আব্দুল্লাহ শফিক। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। সেঞ্চুরি তুলে নেন আয়ুব।
এই দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৮ ওভার ২ বলে ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। আয়ুব ৬২ বলে ১১৩ ও শফিক ৪৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
