চলে গেলেন নাট্যজন ও সংগীতশিল্পী শান্তনু বিশ্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার অসুস্থ অবস্থায় তাঁকে চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তিনি ইস্পাহানি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শান্তনু বিশ্বাস একসঙ্গে অনেক সৃষ্টিশীল কাজের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্যাভিনেতা, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী। শান্তনু বিশ্বাসের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন নাট্যাঙ্গনের অনেকে।
শান্তনু বিশ্বাস সংগীতের সংগঠকও ছিলেন। এ বিষয়ে তিনি গবেষণা করেছেন, প্রবন্ধও লিখেছেন। কালপুরুষ নাট্য সম্প্রদায়ের উপদেষ্টা শান্তনু বিশ্বাস নিজের রচনা ও নির্দেশিত নাটকে অভিনয়ও করেন।
১৯৭৬ সালের দিকে চট্টগ্রামে শান্তনু বিশ্বাস আরো কয়েকজন নাট্যকর্মী নিয়ে অঙ্গন থিয়েটার গড়ে তোলেন।
