নির্বাচনী টুকিটাকি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

শেখ তন্ময়ের সঙ্গে জেলা শ্রমিক লীগের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের সঙ্গে সোমবার বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে জেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ প্রমূখ। বর্ধিত সভায় শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে মাঠ দখলে রাখতে কর্মসূচি অব্যাহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কাজী মফিজুর রহমানের পক্ষে মাঠ দখলে রাখতে তার সমর্থকরা আনন্দ মিছিল, মৌন মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা, মহিলা সমাবেশ অব্যাহতভাবে করে পালন করে যাচ্ছেন। কাজী মফিজুর রহমান সমর্থিত উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে সেনবাগ পৌর শহরে  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্র সংসদের এজিএস আবদুল হান্নান লিটনের নেতৃত্বে একটি বিশাল মৌন মিছিল বের হয়। মিছিলটি এ সময় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে একইভাবে উপজেলার সেবারহাট, ফকিরহাট, কানকিরহাট বাজার, ছমিরমুন্সিরহাটসহ উপজেলার গুরুত্বপূর্ণ কমপক্ষে ১০টি বাজারে এসব কর্মসূচি পালন করা হয়।

লালপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

লালপুর (নাটোর) সংবাদদাতা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী লে. কর্নেল (অব.) রমজান আলী সরকার জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেন। সোমবার সকালে লালপুর বাজারে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল (অব.) রমজান আলী সরকার লিখিত বক্তব্যে বলেন, “গ্রুপিং বা বিভেদ নয়, দলের সকলকে নিয়ে ভোট করতে চাই। শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন দলীয় বিভেদ, মারামারি, হানাহানি বা গ্রুপিংয়ের জন্য নয়। দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নৌকা মার্কায় বিজয়ী হয়ে আসনটি জননেত্রীকে উপহার দিতে চাই।” তিনি বলেন, নাটোর-১ আসনে আওয়ামী লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশীর আটজন তার সঙ্গে মাঠে রয়েছেন।