নারায়ণগ‌ঞ্জে ডাকা‌তি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:০১

নারায়ণগ‌ঞ্জের ফতুল্লায় রেজাউল করিম মালা নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে তার ছেলে ও পুত্রবধূর হাত-পা বেঁধে এলোপাথাড়ি মারধর ক‌রে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা। 

বুধবার (২৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এ ঘটনা ঘটে। 

ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা ব‌লেন, ভোর রাতে দোতলা বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো অস্ত্র ছিল। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের কিছু সদস্য অবস্থান করছিলো। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। ডাকাতরা প্রথমে আমার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। তখন তারা চিৎকার দেওয়ায় ডাকাতরা এক‌যো‌গে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে। এরপর ডাকাতরা আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে অলংকার ও আলমারী থেকে আরও স্বর্ণালংকারসহ মোট ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে আলমারি ভেঙ্গে নগদ ৭ লাখ টাকা লুটে নেয়। যাওয়ার সময় তারা দুটি ফাঁকা গুলি করে।

ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে পু‌লিশ।

ইত্তেফাক/এসএএস