দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র এবং পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, দেশের রাষ্ট্রযন্ত্রে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়।
বুধবার (২৭ নভেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার সহযোগীরা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে এখনো ঘাপটি মেরে রয়েছে। তাদের অপচেষ্টা এবং ষড়যন্ত্র দেশের অগ্রগতির পথে বড় বাধা। আমাদের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে সফল করতে সহায়তা করা। কারণ এই সরকার ব্যর্থ হলে আমাদের স্বাধীনতা আবারো বিপন্ন হবে।"
তিনি আরও বলেন, "পতিত স্বৈরাচার মুজিববাদ নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। তাদের রুখে দিতে সকলকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের অপশাসন ও দুর্নীতির কারণে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে, যাতে দেশ আবারো গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারে।"
আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মাসুদ সাঈদী বলেন, "ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের কোনও অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে সাম্প্রদায়িক হামলা চালানোর সুযোগ দেওয়া যাবে না।"
এর আগে বৈঠাকাটা ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় মাসুদ সাঈদী বলেন, "শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ছাড়া কোনও জাতির উন্নয়ন সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের ও নৈতিকভাবে সমৃদ্ধ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।"
এই গণসমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে জামায়াতের নতুন অফিস উদ্বোধন করেন মাসুদ সাঈদী।
