সহজ ম্যাচ টাই করে সুপার ওভারে হারলো রংপুর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫

জয়ের জন্য দরকার ২৫ বলে ১৭ রান। হাতে ছিল ৬ উইকেট। এমন সহজ ম্যাচও জিততে পারেনি রংপুর রাইডার্স। টাই করে সুপার ওভারে গিয়ে হ্যাম্পশায়ারের কাছে হেরেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। আর এমন নাটকীয় হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করেছে রংপুর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। দলের পক্ষে শান মাসুদ করেন ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। রংপুরের পক্ষে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল নেন ২৩ রান খরচায় নেন ৫টি উইকেট।

১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সৌম্য সরকার করেন সর্বোচ্চ ২০ বলে ২৭ রান। তবে স্টিভেন টেলরের ২০, সোহানের ২৪ ও খুশদিল শাহর ২৫ রানের ইনিংসে ভর করে জয়ের পথেই ছিল রংপুর।

শেষ ওভারে রংপুরের প্রয়োজন হয় ৭ রান। তবে ৬ রান সংগ্রহ করে ম্যাচ টাই করে বাংলাদেশের দলটি। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে কোনো বাউন্ডারি মারতে পারেননি রংপুরের দুই ব্যাটার  খুশদিল ও টেলর। ১২ রান সংগ্রহ করেন তারা। 

রংপুরের হয়ে সুপার ওভারে বোলিংয়ে আসেন জ্যাক চ্যাপেল। তার প্রথম বলেই ছক্কা হাঁকান জেমস ফুলার। পরের বলেই আউট। মাঝে তৃতীয় ও চতুর্থ বলে কোনো বাউন্ডারি আসেনি। তবে পঞ্চম বলে আরেকটি ছক্কায় হ্যাম্পশায়ারকে জিতিয়ে দেন লিয়াম ডসন।

ইত্তেফাক/জেডএইচ