বন্যাকবলিত মানুষের মাঝে খাবার ওষুধ বিতরণ করবে আওয়ামী লীগ

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:১৫

বন্যাকবলিত মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে বরাবরের মতো এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

উপকমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩টি কমিটি গঠন করে বন্যাকবলিত মানুষের খবর নেওয়া, সহায়তা দেওয়া এবং সহায়তার জন্য ফান্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের ইতিমধ্যে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি দলীয়ভাবে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম শুরু করল দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। বন্যাদুর্গত এলাকার মানুষের সার্বিক খবর নেওয়ার জন্য উপকমিটির সদস্যরা কাজ করছেন। এই কার্যক্রম পরিচালনা করছেন উপকমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বন্যা শেষ না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সুজিত রায় নন্দী।