মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান ও ইন্দিরা

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:০১

মন্ত্রিসভায় নতুন দায়িত্ব নিতে শপথ নিলেন ইমরান আহমেদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি পূর্ণমন্ত্রী হলেন। আর ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ হলেন। ইমরানকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক আদেশ শুক্রবার জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই দুজনকে শপথ পড়ান। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে আলাদাভাবে শপথ নেওয়ার পর পৃথকভাবে গোপনীয়তার শপথও নেন ইমরান ও ইন্দিরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও শপথ অনুষ্ঠানে ছিলেন।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করেন তিনি। পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন এলেও নতুন কাউকে নেওয়া হয়নি। প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্যে বদলি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। একজনের পদোন্নতি এবং একজনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভায় এখন মন্ত্রীর সংখ্যা বেড়ে হল ২৫ জন। প্রতিমন্ত্রীর সংখ্যাও একজন বেড়ে হল ২০ জন। উপমন্ত্রীর সংখ্যা তিনজনই থাকল।