খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৮, ২০ ও ২৫ জুলাই তিন বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:১৭

কারাবন্দি চিকিত্সাধীন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৮ জুলাই বরিশাল, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনায় সমাবেশ করবে দলটি। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের এসব তারিখ ঘোষণা করেন।

এরআগে, দেড় ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘৩০ জুলাইয়ের মধ্যে বাকি বিভাগীয় শহরগুলোর সমাবেশের তারিখ ঠিক করা হবে।

দেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা বেড়েই চলেছে বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২ হাজার ৮৩ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। সম্প্রতি দেশে শিশু ও নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এ বিষয়ে আগামীতে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে একটি পরিসংখ্যান তুলে ধরাসহ কর্মসূচি দেওয়া হবে।

স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।