যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী রাজ্য লুইজিয়ানার দিকে ধেয়ে যাচ্ছে ঘুর্ণিঝড় ‘ব্যারি’। স্থানীয় সময় শনিবার সকালে শক্তিশালী এই ঝড়টি হারিকেনের শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার সম্ভাবনা। এতে বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের তীব্রতায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যার অংশ হিসেবে উপকূলীয় অঞ্চল থেকে ১০ হাজারের অধিক লোককে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, ১২০ কিলোমিটার গতিতে এটি আঘাত হানতে পারে। দুর্ঘটনা এড়াতে গতকাল সকাল থেকে কমপক্ষে ৬০ হাজার বাড়িঘরে বিদ্যুত্ বন্ধ করে দেয়া হয়।
