সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯

সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে হামলাকারী কয়েকটি গোষ্ঠীকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার (এইচইউআর) বিশেষ বাহিনী ইউনিট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর দাবি করেছে কিয়েভ পোস্ট।

প্রতিবেদন অনুসারে, সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইদলিব প্রদেশ-ভিত্তিক কিছু গোষ্ঠীকে 'অপারেশনাল প্রশিক্ষণ' সরবরাহ করে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর ইউনিট 'খিমিক গ্রুপ'।

বিভিন্ন সূত্রের বরাতে কিয়েভ পোস্ট দাবি করেছে, ইউক্রেনীয়রা ড্রোন ব্যবহারসহ রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের সময় তৈরি হওয়া কৌশল সম্পর্কে সিরিয়ান বিদ্রোহীদের প্রশিক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে।

'খিমিক গ্রুপ' বেশ কিছুদিন ধরেই সিরিয়ায় সক্রিয় বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় এই মিডিয়া দাবি করেছিল, বিশেষ এই ইউনিটটি আলেপ্পোর উপকণ্ঠে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করেছে, যার ফলে কিছু বস্তুগত ক্ষতি করেছে। তবে এ বিষয়ে সে সময় কোনো মন্তব্য করেনি মস্কো।

আলেপ্পো প্রদেশের একটি ভবনের ওপর বিদ্রোহী পতাকা উড়তে দেখা গেছে এমন একটি ভিডিওও প্রকাশ করে গণমাধ্যমটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট 'সিরিয়ায় রুশ বাহিনীকে ধ্বংস' করতে দেশে 'বিশেষ অভিযান' চালাচ্ছে। রুশ সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের দেশটিতে তাদের স্থাপনায় বড় ধরনের কোনো হামলা বা সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে ইদলিবভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি সম্প্রতি সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে। এইচটিএস আগে আল-কায়েদার সহযোগী হিসেবে পরিচিত ছিল।

সন্ত্রাসীরা প্রাথমিকভাবে প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে আলেপ্পো শহরজুড়ে ছড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী এসব মোকাবেলা করছে। রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনীও হামলা শুরু করেছে।

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী হামা শহরের কাছে সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও সন্ত্রাসীদের 'যত তীব্র হামলাই হোক না কেন' তাদের পরাজিত ও ধ্বংস করার অঙ্গীকার করেছেন।

ইত্তেফাক/এসকে