টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরে আসলো অপহৃত ২ কৃষক 

 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই কৃষক ৪০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ১ দিন পরে ডাকাতের কবল থেকে বাড়ি ফিরে আসলো। 

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী পাহাড়ি এলাকায় দিয়ে তারা বাড়িতে ফেরেন।

তারা দুইজন হলেন-টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে জাগির হোসেন (৩৮) ও মৃত এজাহার মিয়ার ছেলে জকির আহমদ (৪০)।

জকির আহমদ বলেন, গত বুধবারে কম্বনিয়া পাড়া পাহাড়ের পাশে সবজি ক্ষেতে কাজ করছিলাম। দুপুরের দিকে হঠাৎ করে অস্ত্রধারী একদল ডাকাত আমিসহ আরও একজনকে অস্ত্রের মুখে অপহরণ করার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, পরে আশপাশের অন্যান্য কৃষক এগিয়ে আসলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিন কৃষকের শরীরে গুলি লাগে। ডাকাতদল আমাদের দুইজনকে মারধর করে পাহাড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকার জন্য আমাদের ওপর মারধর ও নির্যাতন চালায়। তাদের নির্যাতন থেকে বাঁচতে ডাকাতদলকে জনপ্রতি ২০ হাজার করে দুইজনে ৪০ হাজার টাকা দেওয়া হলে একদিন পরে মুক্তি পেয়ে বাড়িতে ফেরত আসতে পেরেছি।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোজাহার হোসেন বলেন, গতকাল দুই কৃষক অপহরণের ঘটনাটি খবর পেলে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন ডাকাতকে আটক করতে পেরেছি। পরে আমাদের অভিযান অব্যাহত ছিলো। শুনেছি বৃহস্পতিবার সকালে অপহৃত দুই কৃষক ডাকাতদলের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন।

ইত্তেফাক/এমএএস