ড্রেনে পড়ে ছিল থানা থেকে লুট হওয়া শটগান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া একটি শটগান ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শটগানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করা হয়েছে।

শহরের কামরুল ইসলাম সিদ্দিক পার্কের দক্ষিণ পাশের সরু ড্রেনের পানি থেকে পৌরসভার ড্রেন ক্লিনার মনির উদ্দিন গুলি ভর্তি সক্রিয় শটগানটি উদ্ধার করেন। পরে মডেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি জব্দ করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান জানান, পৌরসভার ক্লিনার মনির উদ্দিন দুপুর ১২টার দিকে শহরের কোর্টপাড়াস্থ শিশু পার্ক সংলগ্ন একটি ড্রেন কোদাল দিয়ে পরিষ্কার করছিলেন। এ সময় ড্রেনের ময়লার সাথে কোদালে আটকে আগ্নেয়াস্ত্রটি উঠে আসে। স্থানীয়দের সহায়তায় ঘটনাটি তাৎক্ষনিক কুষ্টিয়া মডেল থানার ওসিকে জানানো হয়। খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি জব্দ করে।

ওসি আরও বলেন, পরবর্তীতে ওই শটগানের গুলির চেম্বার থেকে তিন রাউন্ড তাজা গুলি বের করে পুলিশ। আরও কয়েক রাউন্ড গুলি শটগানের চেম্বারে আটকে ছিল বলে পুলিশ জানায়। আগ্নেয়াস্ত্রটির গায়ে লেখা ছিল কেএসপি-৬০৮। ওই নাম্বারিং মতে, শটগানটি কুষ্টিয়া মডেল থানা পুলিশের।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার তুমুল আন্দোলনের সময় কুষ্টিয়া মডেল থানায় হামলা-লুটপাট ও ব্যাপক অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ওই সময় কে বা কারা আগ্নেয়াস্ত্রটি লুট করার পর ড্রেনে ফেলে দিয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। তবে ওই আগ্নেয়াস্ত্রটি কবে বা কীভাবে খোয়া গেছে সে বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় জিডি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা দেখা হচ্ছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমএএস