জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত: সিটিটিসি প্রধান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০২

জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। একই সঙ্গে পুলিশি সেবা নিশ্চিত করতে জনগণের সহযোগিতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও পল্টন থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, আমাদের কাছে আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে । আমরা যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আপনারা নির্ভয়ে থানায় যাবেন। থানায় গিয়ে মামলা বা জিডি করতে যদি আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে থানার ওসি বা ডিসিকে জানাবেন তারা ব্যবস্থা নেবে। যৌক্তিক মামলা বা জিডি নিতে ইতিমধ্যে ডিএমপি কমিশনার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুনভাবে দেশকে সাজানোর সুযোগ পেয়েছি। পুলিশের কার্যক্রমে কোনো ধরনের ভুল থাকলে আপনারা আমাদের ধরিয়ে দিবেন। পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, পুলিশ চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিপক্ষ।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। পুলিশকে নির্ভয়ে তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও পল্টন থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পল্টন থানা এলাকার মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও প্রশাসনের উদ্যোগে পল্টন এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা আমাদের সকলের দাবি। পুলিশের আইনগত কাজে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

সভায় উপস্থিত সুশীল কুমার পাল বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের কাজকে সাধুবাদ জানাই। এ ধরনের মতবিনিময় সভা যেন ধারাবাহিকভাবে চলমান থাকে। আমরা পুলিশকে সাধ্যমতো সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে একত্রে কাজ করতে চাই।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম