লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১০

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬

লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিক, এক পুলিশ সদস্যসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাঠিসোটা নিয়ে শ্রমিকদের এক পক্ষ। ছবি: ইত্তেফাক।

শ্রমিকরা জানায়, লালমনিরহাট জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। শ্রমিকদের একটি পক্ষ পুরনো রেজিস্ট্রেশন নাম্বার (২৪৯৩) বহাল রাখার দাবি এবং নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আসছে। যার নেতৃত্ব দিচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু। অপর একটি পক্ষ শ্রমিক ইউনিয়নের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চলমান রাখে। যার নেতৃত্ব দিচ্ছে মাহফুজার ও বকুল।

জানা গেছে, শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দিকে আসতে থাকে। এ সময় টার্মিনালে অপর পক্ষ একই সংগঠনের নতুন রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে একটি সমাবেশ করছিলো। শ্রমিকনেতা বাবলুর নেতৃত্ব মিছিলটি লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ইটপাটকেল ও পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন। 

শ্রমিকনেতা বাবলু জানায়, রোববার শ্রমিক ইউনিয়নের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া প্রতিবাদ জানিয়ে একটি মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। আমাদের শান্তিপূর্ণ মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে মাহফুজার ও বকুলের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। 

তবে ইটপাটকেল ছুড়ে হামলার বিষয়টি অস্বীকার করেছে অপর পক্ষ। তাদের দাবি বাবলুর নেতৃত্ব দেওয়া মিছিল থেকেই বাস টার্মিনালে থাকা শ্রমিকদের ওপর ঢিল ছোড়া হয়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পুলিশ সদ্যসদের আত্মরক্ষার চেষ্টা।

এ ঘটনায় আহত সাংবাদিক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না জানান, শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিও ধারণ করার সময় আমার ওপর হামলা চালায় একটি পক্ষ।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের একটি গ্রুপ প্রতিবাদ মিছিল ও একটি পক্ষ সমাবেশ করছিলো। উভয় পক্ষই বাসটার্মিনাল এলাকায় মুখোমুখি হলে প্রথমে ইটপাটকেল ছুড়ার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশসদস্য, সাংবাদিকসহ কয়েকজন শ্রমিক আহত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইত্তেফাক/এমএএস