বস্তি উচ্ছেদ করে ডায়াবেটিক সমিতিকে জায়গা বুঝিয়ে দিলো রাজউক 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:১৫

রাজধানীর উত্তরায় ৮নং সেক্টরের (বস্তি) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে বরাদ্দকৃত জায়গা ডায়াবেটিক সমিতিকে বুঝিয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় সেক্টরের শতাধিক বস্তিঘর ভেঙে ফেলা হয়। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।

অভিযানকালে তিনি বলেন, রাজধানীর ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী উত্তরায় সেক্টর-৮ এলাকায় রাজউক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। রাজউকের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। এই জায়গাটা দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর অসাধু মানুষ অবৈধ ভাবে দখল করে স্থাপনা করে ভাড়া দিয়ে আসছিলো।

তিনি আরও বলেন, রাজউকের এই এক একর জায়গা উত্তরা মানুষের সুচিকিৎসা নিশ্চিতের জন্য ডায়াবেটিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, রাজউক-২ এর পরিচালক মো. মোবারক এবং রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ আবিল আয়ামসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এমএএম