ডিএমপির সাত উপ-পুলিশ কমিশনারসহ ২৬ এসপি বদলি

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২০:৫১

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রশাসনের ২৬ জন পুলিশ সুপার (এসপি) বা পুলিশ সুপার সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ রদবদলের আদেশ জারি করা হয়েছে। বদলির এ তালিকায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন। তাকে নরসিংদীতে বদলি করা হয়েছে। আর  মাদারীপুরের পুলিশ সুব্রত কুমার হালদারকে সংযুক্ত করা হয়েছে রংপুর রেঞ্জ কার্যালয়ে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর, আলিমুজ্জামানকে ফরিদপুর, লিটন কুমার সাহাকে নাটোর, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া, আকবর আলী মুন্সীকে নেত্রকোনা, এস এম মুরাদ আলীকে মেহেরপুর এবং মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের পুলিশ সুপার করে পাঠানো হয়েছে।

এছাড়া পুলিশের বিশেষ শাখার মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জ, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে মৌলভীবাজার এবং মেহেরপুরের  মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে  সাতক্ষীরায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আনোয়ার হোসেন খান, মৌলভীবাজারের মোহাম্মদ শাহ জালাল এবং পুলিশের বিশেষ শাখার সাইফুল্লাহ  বিন আনোয়ারকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের জাকির হোসেন খান, নেত্রকোনার জয়দেব চৌধুরী, সাতক্ষীরার সাজ্জাদুর রহমান, নরসিংদীর মিরাজ উদ্দিন আহমেদ, পুলিশ সদর দপ্তরের আনিসুর রহমান এবং লক্ষ্মীপুরের আ স ম মাহতাব উদ্দিনকে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশে) বদলি করা হয়েছে।

সুনামগঞ্জের বরকতুল্লাহ খানকে হাইওয়ে, নাটোরের সাইফুল্লাহ আল মামুনকে রেলওয়ে, মাদারীপুরের সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জে, পুলিশের বিশেষ শাখার আব্দুর রহিম শাহ চৌধুরী এবং ফারহাত আহমেদকে যথাক্রমে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল ও নোয়াখালীতে বদলি করা হয়। এছাড়া ঢাকা মহানগর পুলিশের মাসুদ আহমেদকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।