ইত্তেফাক রিপোর্ট
খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে নাছির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় দক্ষিণ বনশ্রী জি ব্লকে এ দুর্ঘটনা ঘটে। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত নাছিরের সহকর্মী মো. হোসেন জানান, স্থানীয় একটি হাসপাতালের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের সংযোগ দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন নাছির। তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃত নাছির টাঙ্গাইলের ঘাটাইল থানার উওর খিলগাতি গ্রামের মো. হোসেন আলীর ছেলে। দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি প্রতিষ্ঠানে ফাইবার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
