ইনডোর হকিতে আজ অভিষেক বাংলাদেশের

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৩

স্পোর্টস রিপোর্টার

ইনডোর হকি খেলার প্রচলনটা নতুন নয়। এশিয়ান হকি ফেডারেশন এ খেলাটার প্রচলন শুরু করেছে অনেক আগেই। কিন্তু বাংলাদেশের হকির দর্শকের কাছে খুব একটা জনপ্রিয় ছিল ইনডোর হকি। এ বছরের শুরুতেই ইনডোর হকিতে নাম লিখিয়েছিলেন শেষ মেয়াদে থাকা হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। ইনডোর হকির চর্চার জন্য বাংলাদেশে কোনো সুযোগ-সুবিধাও নেই। তার পরও প্রথমবার নাম এন্ট্রি করলেও সেটি এখন দেশের হকি অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। ফেডারেশনের নবনির্বাচিত কমিটি ইনডোর হকি বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করে গড়ে তুলতে ইরানি কোচ আনিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খেলোয়াড়রা বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করে প্রশিক্ষণ নিয়ে থাইল্যান্ড গেছেন খেলতে।

এশিয়ান ইনডোর হকি কাপের অষ্টম আসর বসছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হতে দূরে চুনবুরীর ফিজিক্যাল ইনডোর জিমনেসিয়ামে। এ শহরে বাংলাদেশের মেয়েদের ফুটবল দল খেলতে গিয়েছিল। সেখানেই আজ থেকে ইনডোর হকির আসর বসছে। বাংলাদেশ আজ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ১০টা ২০ মিনিটে।

টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আগে কোথাও খেলার অভিজ্ঞতা নেই। এমনকি কারো বিপক্ষে অনুশীলন ম্যাচও খেলেনি। তার পরও একেবারে অন্ধকার হতে উঠে আসতে চাইছে জিমি, শিতুল, কৌশিকদের বাংলাদেশ। সুবিধা হচ্ছে যারা খেলতে গেছেন তারা সবাই জাতীয় দলের খেলোয়াড়। ইরানি কোচ হামিদ রেজা বোখারাই দায়িত্ব নিয়ে অন্যদের খেলার ম্যাচ ভিডিও দেখিয়ে খেলার সব ধ্যান-ধারণা জিমিদের মগজে ঢুকিয়ে দিয়েছেন। কীভাবে খেলতে হবে, কীভাবে নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো দেখানো হয়েছে। ফিল্ড হকি হতে এ খেলাটি ভিন্ন রকম বলে ঢাকায় জানিয়েছিলেন দলের দেশি কোচ জাহিদ হোসেন রাজু। দুই গ্রুপে ১০টি দল খেলছে। পুরুষ দল ছাড়াও একই সময়ে সেখানে মহিলাদের ইনডোর হকিও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের

ম্যাচগুলো

১৫ জুলাই   বাংলাদেশ-মালয়েশিয়া

১৬ জুলাই   বাংলাদেশ-ইরান

১৭ জুলাই   বাংলাদেশ-ফিলিপাইন

১৮ জুলাই   বাংলাদেশ-থাইল্যান্ড