বিশ্বকাপ প্রস্তুতিতে নজর

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৩

ইংল্যান্ড গেল যুবারা

  স্পোর্টস রিপোর্টার

সাত বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০১২ সালে শেষবার ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশের যুবদল। এবার ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। আকবর আলীর নেতৃত্বে গতকাল রোববার দিবাগত রাত ভোর ৪.১৫ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছে যুব দল।

ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে চারটি করে ম্যাচ খেলবে টাইগার জুনিয়ররা। সূচি অনুযায়ী আগামী ২২ জুলাই ইংল্যান্ড, ২৪ জুলাই ভারত, ২৭ জুলাই ভারত, ২৮ জুলাই ইংল্যান্ড, ৩০ জুলাই ভারত, ১ আগস্ট ইংল্যান্ড, ৫ আগস্ট ইংল্যান্ড, ৭ আগস্ট ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ যুব দল। ১১ আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। মূল সিরিজ শুরুর আগে ১৮ জুলাই একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিবে আকবর আলীর দল।

বড় দুই প্রতিপক্ষের বিরুদ্ধে এই সিরিজকে ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন কোচ নাভিদ নাওয়াজ। বাংলাদেশের বর্তমান দলটার সব ক্রিকেটারই প্রথমবার ইংল্যান্ড সফরে যাচ্ছে। তাই সিরিজটাকে বড় চ্যালেঞ্জই হবে। একইভাবে এই সিরিজকে যুবাদের অভিজ্ঞতা অর্জনের বড় ক্ষেত্র হিসেবেও ধরা হচ্ছে।

ইংল্যান্ড সফরের জন্য ছয় সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ যুব দল। গতকাল বিসিবি একাডেমি ভবনের সামনে ফটোসেশনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লঙ্কান কোচ নাভিদ নাওয়াজ বলেছেন, ‘সব ছেলেরা প্রথমবার ইংল্যান্ড যাচ্ছে। এটা বড় চ্যালেঞ্জ এবং একই সাথে বড় অভিজ্ঞতা হবে তাদের জন্য। আমি আশা করি, আমরা ভালো করবো সেখানে।’

সিরিজ জয়, ম্যাচ জয়ের চেয়ে বিরুদ্ধ কন্ডিশনে যুবাদের খেলার অভিজ্ঞতা, কন্ডিশনে মানিয়ে নেয়া, ক্রমাগত উন্নতির দিকেই নজর দিচ্ছেন কোচ। এসব সিরিজের মাধ্যমেই যুবারা বড় মঞ্চের জন্য তৈরি হবে বলে বিশ্বাস নাভিদ নাওয়াজের।

অনেক কিছু শেখা, ব্যক্তিগত-দলগত উন্নতির দিক থেকে সফরটা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বাংলাদেশের হেড কোচ। নাভিদ নাওয়াজ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দল যেহেতু সচরাচর ইংল্যান্ড সফরে করে না, সেদিক থেকে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে ২০২০ যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জন্যও এটি গুরুত্বপূর্ণ।’

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে বাংলাদেশ। তবে সামগ্রিকভাবে সবার দৃষ্টি আগামী যুব বিশ্বকাপে। গতকাল বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ২০২০ সালে যে বিশ্বকাপটি আছে সেটা। বিশ্বকাপটির জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। এই সিরিজটি বিশ্বকাপের আগে আমাদের অনেক সাহায্য করতে যাচ্ছে। বিশ্বকাপের আগে এমন একটি সিরিজ খেলা অনেক বড় সুযোগ।’