গুঞ্জন উসকে দিলেন নেইমার!

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৪

রুষ্ট কোটিনহোর এজেন্ট

  স্পোর্টস ডেস্ক

পিএসজি তারকা নেইমার অনেকদিন ধরেই নানা ভাবে বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিচ্ছেন। সম্প্রতি এক বক্তব্যে ব্রাজিল তারকার স্পেনে প্রত্যাবর্তনের গুঞ্জনটি আরো জোরদার হলো।

নেইমার জানিয়েছেন দুই বছর আগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার অবিস্মরণীয় জয়টি হলো তার সেরা ফুটবলীয় স্মৃতি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সেলোনার লোগো সংবলিত নিজের একটি পোস্টারের ছবিও একইরকম ইঙ্গিত দিচ্ছে।

নেইমার তার বর্তমান ক্লাব পিএসজির প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেননি। নিজের দাতব্য সংস্থা ‘ইন্সতিতুতো নেইমার’-এর একটি অনুষ্ঠানে অংশ নেওয়াকে কারণ হিসেবে দেখিয়েছেন। এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান বার্সেলোনায় খেলার সময়ের একটি স্মৃতিই তার চোখে সর্বশ্রেষ্ঠ।

ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘সেদিন আমরা পিএসজির বিপক্ষে বার্সেলোনার হয়ে জিতেছিলাম এবং এরপর আমরা পাগল হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাস এটা আমাদের সবার জন্যেই সেরা অনুভূতি। প্যারিসের বিপক্ষে সেই প্রত্যাবর্তনটা! যখন আমরা ষষ্ঠ গোলটা করলাম সে সময়ের অনুভূতিটা... আমি এমন কিছু কখনোই অনুভব করিনি। এটা অবিশ্বাস্য ছিল।’

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ২০১৭ সালের আগে নক আউটে প্রথম লেগে চার গোলে পিছিয়ে পড়ে কোনো দলই পরের পর্বে ওঠেনি। পিএসজির বিপক্ষে ৬-১ জয়ে শেষ তিনটি গোলেই ছিল ব্রাজিল তারকার সরাসরি অবদান। ৮৮ আর ৯০ মিনিটে ফ্রি কিক ও পেনাল্টি থেকে গোলের পর শেষ মুহূর্তে সার্জি রবার্তোর লক্ষ্যভেদও ছিল তারই জোগান। এমন স্মৃতি তো অবিস্মরণীয় হবারই কথা!

এদিকে গেল শনিবার ইন্সটাগ্রামে বার্সেলোনার লোগো সংবলিত একটি পোস্টার নিজের ‘স্টোরি’তে প্রকাশ করেন নেইমার। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে তাকে ফেরাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বার্সেলোনা। দেশটির ক্রীড়াদৈনিক মার্কার মতে অ্যান্টোনিও গ্রীজমানকে সই করানোর পরও নেইমারকে আনতে পিছপা হবে না বার্সা।

ব্রাজিল তারকা ফিরলে দলে জায়গা হারাতে পারেন নেইমারেরই স্বদেশি ফেলিপে কোটিনহো। মার্কা জানাচ্ছে, কোটিনহো এবং ডিফেন্ডার নেলসন সেমেদো ও স্যামুয়েল উমতিতিকে তার চুক্তিতে জুড়ে দিতে পারে বার্সেলোনা। এমন গুঞ্জনে চটেছেন কোটিনহোর এজেন্ট কিয়া জুরাবচিয়ান।

তার বিশ্বাস, বার্সেলোনা খেলোয়াড়টিকে দলে রাখার আশ্বাস দিলেও চলতি দলবদলেই তাকে বাজারে তুলে দেবে। সম্প্রতি আরএমসি স্পোর্টসকে তিনি বলেন, ‘পেপ সেগুরা (ক্লাবটির জেনারেল ম্যানেজার) আমাকে বলেছিল যে তারা কোটিনহোকে ছাড়তে চায় না। গেল সপ্তাহে সে এটা বলেছিল এবং একই কথা ক্লাবের সভাপতিও বলেছিল। এরপর আমরা বাজারে আর ফিরেও তাকাইনি এবং এই কারণে খেলোয়াড়টি এখনো কোনো প্রস্তাব পাননি।’