স্পোর্টস ডেস্ক
সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন জয়ে যে নৈপুণ্য দেখিয়েছেন সেটিকে নিজের ক্যারিয়ার সেরা বলে জানিয়েছেন সিমোনা হ্যালেপ। তিনি আরো জানিয়েছেন আবেগি হয়ে খেলাটাই তাকে একধাপ এগিয়ে দিয়েছিল।
উইম্বলডনে গত শনিবার নারী এককের ফাইনালের আগে ফেভারিট ছিলেন ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা-ই। অন্যদিকে হ্যালেপের সামনে ছিল ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপার হাতছানি। তার ওপর শেষ নয়বারের সাক্ষাতে সবকটিতেই হেরেছিলেন রোমানীয় হ্যালেপ। তবে সদ্যসমাপ্ত উইম্বলডনের ফাইনালে তাঁর অন্য রূপই দেখেন সেরেনা।
হ্যালেপ ৫৬ মিনিটেই ৬-২, ৬-২ গেমে জিতে নেন শিরোপাটি। ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়ের পর হ্যালেপ জানান, ইতিবাচক মানসিকতা আর আবেগী নৈপুণ্যই শিরোপা জিততে সাহায্য করেছে তাকে।
ফরাসি ওপেনে গত বছর নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী হ্যালেপের ভাষায়, ‘সে সময়ে আমার স্নায়ু বেশ ইতিবাচক ছিল। আমি সেটা অনুভব করতে পারছিলাম। আবেগ দিয়ে খেললে আমি সবসময়ই ভালো খেলি।’
সেরেনার বিপক্ষে নিজের ইতিহাসে ভড়কে যাননি তিনি। বরং জানালেন নিজের উপরই মনোযোগটা ধরে রাখতে চেয়েছিলেন। সদ্য উইম্বলডনজয়ী বলেন, ‘যতবারই তার বিপক্ষে খেলেছি তখনই কিছুটা ভীত থাকতাম আমি। এই ম্যাচের আগে আমি ঠিক করে নিয়েছিলাম যে, আমি নিজের উপরই মনোযোগটা ধরে রাখব, প্রতিপক্ষের উপর নয়। সেটাই আমাকে চাপমুক্ত, ইতিবাচক ও আত্মবিশ্বাসী হয়ে নিজের সেরাটা দিতে সাহায্য করেছে। আমি নিশ্চিত যে, এটাই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।’
এবারের উইম্বলডন শুরুর আগে নারী র্যাংকিংয়ে সপ্তম অবস্থানে ছিলেন হ্যালেপ। এই জয়ের ফলে অবস্থানে উন্নতি আসতে যাচ্ছে রোমানিয়ান এই তারকার। আসন্ন ডব্লিউটিএ র্যাংকিংয়ে পেত্রা কভিতোভা, অ্যাঞ্জেলিক কেরবার, কিকি বার্টেন্সকে টপকে তালিকার চতুর্থ স্থানে উঠে আসবেন তিনি।
