ঘোষণা মেয়র সাঈদ খোকনের
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এবার আগাম বেশি বৃষ্টিপাত হয়েছে। এ কারণে মশার উপদ্রবও বেড়েছে। আমরা একাধিকবার ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়ার কারণে এ ঝুঁকি থেকে বের হয়ে এসেছি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন তাপমাত্রা কমে আসার কারণে কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। সেজন্য আমরা সর্বোচ্চ জনবল দিয়ে সফল হতে চেষ্টা করব, নিয়ন্ত্রণে রাখতে চাই সবকিছু। কেউ ফোন করলে বাসায় গিয়ে মশার ওষুধ ছিটানোর ঘোষণা দিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট-এর সামনে ডিএসসিসির পক্ষ থেকে মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে গৃহীত সপ্তাহব্যাপী ‘স্পেশ্যাল ক্রাশ প্রোগ্রাম’ এর উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফিজুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দীন, সচিব শাহাবুদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
