স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্রয়ের দিকেই হাঁটছে। বৈরি আবহাওয়ার কবলে পড়ে তিন দিনে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার। টসে হেরে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসই এখনো শেষ হয়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। রকিবুল হাসান ৩৮, ফজলে রাব্বি ৩ রানে ব্যাট করছেন।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথম দিনে ৭.৪ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে খেলা হয়নি। গতকাল তৃতীয় দিনে ৩২.২ ওভার খেলা হয়েছে। এরপর আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। এ সময়ে আরো এক উইকেট হারিয়ে ৯৪ রান যোগ করেছে বাংলাদেশ। নাঈম শেখ-রকিবুলের দ্বিতীয় উইকেট জুটি ৯৫ রান তুলেছে। ইনিংসের ৩৪তম ওভারে নাঈম শেখ ৬৫ রান করে আউট হয়েছেন।
