ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। হতাশার সিরিজে ব্যাট হাতে ছড়িয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচেই পেয়েছেন ফিফটির দেখা। শেষ ওয়ানডেতে ৬৩ বলে ৮৪ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তাই অভিজ্ঞ এই ক্রিকেটারকে প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মাহমুদউল্লাহকে নিয়ে মিরাজ বলেন, '(মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।'
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। এ প্রসঙ্গে মিরাজ বলছিলেন, 'এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।'
