ক্ষুব্ধ নওয়াজ কন্যা!

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৬

বিশ্বপ্রবাহ ডেস্ক

 

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে ক্রমে কঠোর হচ্ছে ইমরান খানের সরকার। তার মেয়ে মরিয়ম রাজনীতিতে সক্রিয় হতেই নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজের সাক্ষাত্কার সরাসরি সম্প্রচার শুরু হয়েছিল একটি টিভি চ্যানেলে। সম্প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যে সেটি দেখানো বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মরিয়ম। তিনি বলেছেন, পাকিস্তান সরকার স্বৈরাচারির মতো আচরণ করছে। এভাবে চলতে থাকলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

যে চ্যানেলে সাক্ষাত্কার দেখানো হচ্ছিল, সেই হম নিউজের এক সাংবাদিক নাদিম মালিক টুইট করেন, ‘এইমাত্র জানতে পারলাম, মরিয়ম নওয়াজ শরিফের সাক্ষাত্কারের সম্প্রচার জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে।’ চ্যানেলটিও টুইটারে লিখেছে, ‘হম নিউজ স্বাধীন ও দায়িত্বপূর্ণ সাংবাদিকতায় বিশ্বাস করে। আমাদের মূল্যবোধের অন্যতম ভাবপ্রকাশের অধিকার। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ ও সংবিধানকে সামনে রেখে আমরা দেশের বিচারব্যবস্থাকে সম্মান করি।’ টিভি চ্যানেলে সমপ্রচার আটকে দেওয়া হলেও মালিক তাঁর টুইটার হ্যান্ডলে মরিয়মের সাক্ষাত্কারটি পোস্ট করে দেন। সেখান থেকে লাখ লাখ মানুষ সাক্ষািট শুনতে পারেন।

এর আগে তিনটি চ্যানেলে মরিয়মের সাংবাদিক সম্মেলন দেখানো হয়নি। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির নির্দেশেই ঐ কাজ করা হয়েছিল। মরিয়ম মন্তব্য করেছেন, ‘অবিশ্বাস্য স্বৈরাচারি চিন্তাভাবনা চলছে সরকারের ভেতর। এটা লজ্জাজনক!’