‘গল্প শোনার আগে সিনেমাটিতে কাজ করতে চাইনি’

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৭

ইয়াশ রোহান ‘স্বপ্নজাল’ সিনেমার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর কাজের ব্যস্ততা বেড়ে গেল আরো বেশি। মডেলিং, ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে চলে তাঁর ব্যস্ততা। সম্প্রতি ‘আদম’ শিরোনামে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন। পাশাপাশি চলছে অন্যান্য কাজের প্রস্তুতি। সেই প্রসঙ্গের পাশাপাশি ক্যারিয়ারে নিয়মিত কাজের বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

নতুন আরো একটি সিনেমা শুরু করছেন। এই সিনেমাটিতে যুক্ত হওয়ার কারণ জিজ্ঞেস করলে কী বলবেন?

সিনেমাটিতে কাজের প্রস্তাব যখন এলো তখন কাজটি করতে রাজি হইনি। মানে গল্প শোনার আগে সিনেমাটিতে কাজ করতে চাইনি। এরপর যখন আমাকে গল্পটি শোনার জন্য বলা হলো। গল্পটি শুনে আমি আর না করতে পারিনি। আমার মনে হয়েছে কাজটি অভিনয়ের জন্য আমার কাছে ভালো সুযোগ। সিনেমার গল্প ও আমার চরিত্রের ভিন্নতা আমার পছন্দ হয়েছে।

 

চরিত্রের ভিন্নতা কোন জায়গা থেকে?

আমি যেই চরিত্রে এখানে অভিনয় করবো আমি এমন চরিত্রে কখনো কাজ করিনি। শুধু তাই নয়, এমন কোনো চরিত্র আমি বাস্তবেও কখনো দেখিনি। সেই জায়গা থেকে এটি আমার জন্য অবশ্যই ভিন্ন ও চ্যালেঞ্জের। অভিনয়ের আমার অভিজ্ঞতাটা অনেক বেশি কিছু নয়। একটি চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তোলাই অনেক বড় বিষয়।

 

একটি সিনেমা শুরু আগে পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। এই ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্র করার আগে আপনার প্রস্তুতিটা কেমন?

আমি প্রতিনিয়তই প্রস্তুতি মধ্যে আছি। সিনেমায় আমাকে খুলনার ভাষায় কথা বলতে হবে। তাই আমার কাছের যারা আছেন তাদের সাথে দেখা করছি। অনেককেই বলে দিয়েছি আমার সাথে যেনো শুদ্ধ ভাষায় কথা না বলেন তারা।

 

খুব একটা নিয়মিত কাজে আপনাকে দেখা যায় না। এর কারণ হিসেবে কী বলবেন?

আসলে ঠিক অনিয়মিত নই। আমার পড়াশোনা এখনো চলছে। তাই খুব বেশি নিয়মিত কাজ করা সম্ভব নয়। পড়াশোনা শেষ হলে তখন আরো নিয়মিত হবো। আর এখন যতটুকু সময় পাচ্ছি আমি কাজ নিয়মিতই করছি। তৃতীয় সিনেমা করছি। পাশাপাশি ওয়েব সিরিজও করলাম।

 

সামনেই ঈদ, এই উপলক্ষে আপনার ব্যস্ততা—

ঈদের তেমন উল্লেখযোগ্য ব্যস্ততা এখন পর্যন্ত নেই। তবে সামনে হয়তো কাজ হতে পারে।