শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন বলেন, শনিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা ২০মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঝুঁকিও রয়েছে চলাচলে। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাটে তেমন গাড়ি নেই।
তিনি আরও জানান, এই রুটে ছোটবড় মিলে ৬টি ফেরি চলাচল করে নিয়মিত। রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
