ঢাবি ক্যাম্পাসে যান চলাচল সীমিত করে বিজ্ঞপ্তি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না।

ঢাবি ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণে শুক্রবার হঠাৎ করে এর ৭ প্রবেশ পথে বেরিয়ার এবং সিকিউরিটি সার্ভিলেন্স বক্স বসানো হয়। পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়ে বসে এসব বেরিয়ার।  ক্যাম্পাসের স্টিারযুক্ত গাড়ি ছাড়া কোনো যানবাহন প্রবেশ করছেনা। টিএসসি, ভিসি চত্বর, শহীদ মিনার ও দোয়েল চত্বর এলাকায় রিকশা চলাচলও সীমিত হয়েছে। বন্ধের দিনগুলোতে এসব এলাকায় আগে যদিও অনেক রিকশার আনাগোনা ছিল ,শুক্রবার তা ছিল না।

ইত্তেফাক/জেডএইচডি