জানেন কঠিন, তবুও আশাবাদী লিটন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দু'দল। এই সিরিজও বেশ কঠিন হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তবুও ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

বিসিবির প্রকাশিত ভিডিওতে লিটন বলেন, 'সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করবো।'

টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। যেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপে এই ভেন্যুতে দেখা গিয়েছিল রানখরা। তবে এবারের উইকেট ভিন্ন হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর বাকী দুটি ম্যাচে মাঠে নামবে এই দু'দল।

 

ইত্তেফাক/জেডএইচ