ইভিএমে ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে পার্থের রিট খারিজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

ভোলা-১ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনী তফসিল ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের। যেহেতু এটা নীতি-নির্ধারণী বিষয় সেহেতু আদালতে চ্যালঞ্জের সুযোগ নেই। এ কারণে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছে।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে ইভিএমে ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট করেন। এই আসন থেকে তিনি নির্বাচন করছেন। আবেদনের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন।

প্রসঙ্গত নির্বাচন কমিশন তিনশত সংসদীয় আসনের ৬টিতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়। যদিও শুরু থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছে।