খুলনা অফিস
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নবীন স্থপতিদের গবেষণা কর্ম আর্ক-কেইউ ডিগ্রি শো’র উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের তৃতীয় তলায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে দুদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এর আগে খুবির স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইনের সভাপতিত্বে ডিগ্রি শো’র বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, সারা দেশে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। নতুন নতুন অবকাঠামো গড়ে উঠছে। বিগত ১০-২০ বছরে ক্রমাগতভাবে দৃষ্টিনন্দন ডিজাইনের ঘরবাড়ি তৈরি হচ্ছে। বাংলাদেশের শহরের এমনকি গ্রামের ঘরবাড়ির শোভাও পাল্টে যাচ্ছে। এর পেছনে যাদের অবদান তারা স্থপতি। গত ৩০ বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন দেশে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আজ ডিগ্রি শো’তে নবীন স্থপতিদের যে সমস্ত গবেষণাকর্ম প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে ভবিষ্যত্ বাংলাদেশকে একটি টেকসই পরিবেশসম্মত সুন্দর নান্দনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টার স্বপ্ন আমরা দেখতে পাই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শংকর রায়, নবীন স্থপতি আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে স্নাতকপর্যায়ে হেড লিস্ট ও মাস্টার্স পর্যায়ে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
