নালিতাবাড়ীতে ব্রিজ না থাকায় এলাকাবাসীর ভোগান্তি

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১৫

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া-দুগাঙ্গাপাড় সড়কের হাঁটুভাঙ্গা এলাকায় ব্রিজ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আড়িলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। ফলে শিক্ষার্থীদের পাঠদান প্রায় এক সপ্তাহ যাবত্ বন্ধ রয়েছে। ব্রিজ নির্মাণের দাবিতে গতকাল রবিবার স্কুলের  শিক্ষার্থীরা মানববন্ধন করে।

এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী জানান, কান্দাপাড়া-দুগাঙ্গাপাড় সড়ক দিয়ে আড়িলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। তাদের দুর্ভোগ লাঘবে ২০০২ সালে ২০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু সঠিকভাবে ব্রিজের নির্মাণ কাজ না করায় ২০১৪ সালে ব্রিজের একটি অংশ দেবে যায়। পরে আরো ১০ মিটার নতুন ব্রিজ সংযুক্ত করে সেটি চালু করা হয়। কিন্তু এক বছর না যেতেই ব্রিজটি আবারো দেবে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আক্তার রূপা বলেন, কদিন পরই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পিএসসি পরীক্ষা। বিদ্যালয়ের চার শিক্ষকের মধ্যে চার জনই ব্রিজের এপারে আটকা পড়েছি। এতে করে পিএসসি পরীক্ষার্থীসহ সকলের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

প্রধান শিক্ষক লাল মিয়া বলেন, ব্রিজ না থাকায় বর্ষায় চলাচলে সমস্যা হতে পারে। বুঝতে পেরে ৩০ জুন বিকল্প একটা বাঁশের সাঁকো নির্মাণের জন্য ইউএনও স্যারের কাছে আবেদন করেছি। এখন বিদ্যালয়ে যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই।

ব্রিজপাড়ের কৃষক তহুর উদ্দিন বলেন, এইহানে উল্লেখযোগ্য কোনো বিল বা খাল নেই। ছোটো ব্রিজ ওইলে সমস্যা হওয়ার কথা না। আর বড়ো ব্রিজ করলে আমগর বাড়ি-ঘর ভাঙতে ওইব। তহন আমরা যামু কই। বাপ-দাদার বাড়ি-ভিটা ছাড়া আমগর তো আর জায়গা নেই।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্রিজের কাজ করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে ঠিকাদার কাজ ফেলে চলে গেছে। ৪০ মিটার ব্রিজ হলে ছয়-সাতটা বাড়ি ভাঙতে হয়। সেখানে ছোটো ব্রিজ হলেও সমস্যা হওয়ার কথা নয়। কারণ সেখানে বর্ষা ছাড়া তেমন পানি থাকে না।