বিজয় দিবসের সকালে দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার স্কোর ৩০২, যা জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪২৭ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ২৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং সপ্তম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৭৮।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
