সিলেট অফিস
চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিংয়ের পুরোনো কারিকুলাম বহাল, স্বতন্ত্র প্রফেশনাল ক্যাডার সার্ভিসসহ চার দফা দাবিতে টানা নবম দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় মিছিলের পর প্রতিবাদ সভায় সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দের সভাপতিত্বে ও সাধারণ সমপাদক শিথি শিকদারের পরিচালনায় দাবির পক্ষে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ তানজিনা তিথীসহ শিক্ষর্থীরা।
সভাপতি অনিক দে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই ক্লাসে ফিরে যাব। দাবিগুলো হলো—চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা এবং বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।
