শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

রাজশাহীর তানোরে বাসশ্রমিককে মারধরের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে বাইরের জেলা থেকে আসা বাসগুলো রাজশাহী থেকে চলে যেতে পারছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের শান্ত করেন। ছবি: সংগৃহীত

রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শ্রমিকেরা বাস ছাড়ছে না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে। শুধু বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘তানোরে আমাদের পাঁচ-ছয়জন শ্রমিককে মেরে আহত করেছে সিএনজি চালকেরা। পুলিশ এখনও মামলা নেয়নি। কাউকে গ্রেপ্তারও করেনি। ফলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।’

তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘বাস শ্রমিক ও সিএনজি চালকদের সমস্যা পুরনো। সিএনজি চালকরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক-হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।’

মামলা ও গ্রেপ্তার না করার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘মামলা নেওয়া হচ্ছে। তারা অভিযোগ দিয়ে গেছেন। সেটা লিখতে তো সময় লাগবে। মামলা লেখা হচ্ছে। মামলা রেকর্ড হয়ে যাবে।’

উল্লেখ্য, সোমবার সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচজন বাস শ্রমিককে সিএনজি অটোরিকশা চালকেরা মারধর করে। এতে বাসচালক স্বপন আলী, বাবর, শাহীন, নুরুজ্জামান ও কন্ডাক্টর জিয়া আহত হন। মারধরের বিষয়টি জানাজানি হলে বাস শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে দুপুর ১টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের শান্ত করেন।

ইত্তেফাক/এসএএস