ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭ জন  

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:০০

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জনে। একই সময়ে ১০৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৮ হাজার ৯৮৪ জনে।  

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ২ জন, চট্টগ্রামে ২৫ জন, ঢাকার বাইরে ২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনায় ৬ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিংহে ৭ জন এবং সিলেটে ১ জন রয়েছেন।  

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ সময়ে মারা যাওয়া ৫৪৯ জনের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।  

প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও ২০২৩ সালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সেবছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছিলেন এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জন মারা যান, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।  

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন, তখন প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক কম থাকলেও, ২০২১ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ৪২৯ জনে এবং মৃত্যু হয় ১০৫ জনের।  

২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন এবং মারা যান ২৮১ জন।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা অবলম্বন ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।  

ইত্তেফাক/টিএইচ