ভোলায় ইয়াবাসহ সস্ত্রীক ইউপি সদস্য আটক

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১৮

ভোলা (দক্ষিণ)  প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন হাসান (৩৫) ও তার স্ত্রী লাইজু বেগমকে (২৮) ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক ইউপি সদস্য মামুন একই ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ঐ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাসান ও তারই স্ত্রী লাইজু বেগমকে নিজ বাড়ি থেকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওসি আরো জানান, আটক ইউপি সদস্য হাসান দীর্ঘদিন যাবত্ ঐ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।