আট দিন পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১৯

গাইবান্ধা প্রতিনিধি

একটানা আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধা থেকে ঢাকাগামী সকল বাস অবশেষে শনিবার রাত সাড়ে ৯টা থেকে চলাচল শুরু হয়েছে। ঢাকার গাবতলীতে বাংলাদেশ বাসমালিক গ্রুপ সমিতির কার্যালয়ে বৈঠক শেষে বাস চলাচলের এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। ঐ সিদ্ধান্তের পরপরই রাত সাড়ে ৯টা ও রাত ১০টায় গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে হানিফ এন্টারপ্রাইজ ও অরিণ ট্রাভেলসের দুটি বাস ছেড়ে গেছে। এছাড়া পর্যায়ক্রমে গাইবান্ধা টার্মিনাল থেকে অন্যান্য পরিবহনের বাসগুলোও ঢাকাসহ দক্ষিণাঞ্চলের জেলার উদ্দেশে রওনা হয়।

জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আ স ম রুহুল হক নান্নু জানান, গাইবান্ধা থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চল রুটে সকল বাস চলাচল শনিবার রাত থেকে শুরু হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রধান বিপ্লব বলেন, চলামান দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বহিরাগত বাসমালিক, মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ও বাসস্টাফ এবং গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর বাসমালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের যৌথ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে সকল প্রকার অভ্যন্তরীণ কোন্দল নিরসন হয়।