উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণে গুরুত্বারোপ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

সকল উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞজনেরা। তারা বলেন, কাউকে পেছনে ফেলে নয়, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ব্র্যাক ও জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেট্রোরেলে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বাড়াতে এ সমঝোতা স্মারকে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে স্বাক্ষর করেন সচিব হিরন্ময় বাড়ৈ ও ব্র্যাকের পক্ষে সই করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ মুসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম। আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার পেনি মর্টন, ঢাকা ম্যাস ট্রানজটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশন (ডব্লিওডিডিএফ)-এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার বৃষ্টি, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কে এ এম মোর্শেদ প্রমুখ।

কাজী রিয়াজুল হক বলেন, প্রতিবন্ধীদের সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করেছে; কিন্তু সমস্যা হয় বাস্তবায়নের ক্ষেত্রে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এখনো আমরা মূল সে াতে সম্পৃক্ত করতে পারিনি। তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের মেধাকেও কাজে লাগানো উচিত। তাই প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধার বিষয়টি অগ্রাধিকার দিয়ে মেট্রোরেলে ব্যবস্থাপনা করতে হবে।

এটা শুধু সমঝোতা স্বাক্ষর নয়, এটা একটা প্রতিশ্রুতি উল্লেখ করে ডা. মোহাম্মদ মুসা বলেন, ব্র্যাক সবসময় প্রতিবন্ধীসহ সকল সুবিধাবঞ্চিতের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন, এটা সত্য যে, আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপর। এগিয়ে যাচ্ছে দেশ। এ এগিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রবণতা রয়ে গেছে। কারণ প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে সমানভাবে পৌঁছতে পারছে না। এ বিষয়টি মাথায় রেখে সমাজের যারা সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত হিসেবে বিবেচিত, সেই প্রতিবন্ধীদের সুবিধার দিক লক্ষ্য রেখে আমরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি।

এম এ এন সিদ্দিক বলেন, ভবিষ্যতে আরও চারটা মেট্রোরেল আসবে। বর্তমান মেট্রোরেলের যে কাজ চলছে তাতে এখনো সংশোধনের সুযোগ আছে। যারা বয়স্ক ও সুবিধাবঞ্চিত, তাদের বিশেষ সুযোগ থাকবে।