ফলোঅন এড়িয়ে ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

ব্রিসবেন টেস্টে ফলোঅনের শঙ্কায় পড়েছিল ভারত। তবে চতুর্থ দিনে জসপ্রীত বুমরাহ ও আকাশ দ্বীপের শেষ জুটিতে ভর করে ফলোঅন এড়িয়ে রোহিত শর্মার দল। সেইসঙ্গে এখন ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে ভারত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চতুর্থ দিন শেষে ড্রয়ের পথে যাচ্ছে ব্রিসবেন টেস্ট। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ৯ উইকেটে ২৫২ রান তুলে দিন শেষ করেছে ভারত। এখনও ১৯৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

৪ উইকেটে ৫১ রান রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। এ দিন ব্যাট হাতে দৃঢ়তা দেখান লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরির আশা দেখা দেখালেও কেউ পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ঘরে। রাহুল ৮৪ ও জাদেজা ৭৭ রানে আউট হন।

২১৩ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফলোঅন তখনও চোখ রাঙাচ্ছিল ভারতকে। তবে বুমরাহ ও আকাশের অপরাজিত ৩৯ রানের জুটিতে ফলোঅন এড়ায় ভারত। বুমরাহ ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন। অজিদের পক্ষে প্যাট কামিন্স নিয়েছেন ৪টি উইকেট।

ইত্তেফাক/জেডএইচ