সৈয়দপুরে অতিবর্ষণে ধসে পড়েছে রেল কোয়ার্টারের ছাদ

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:২১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর শহরের গার্ডপাড়ায় রেলওয়ে কোয়ার্টারের একটি ইউনিটের ছাদ হঠাত্ ধসে পড়েছে। রবিবার বিকালে পি-৮৫/সি ভবনের ছাদ বিকট শব্দে ধসে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে বলেছে অতিবর্ষণের কারণে ঐ ছাদ ধসের ঘটনাটি ঘটেছে।

রেলওয়ে পূর্ত বিভাগ জানায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেল কর্মচারী ও গার্ডদের জন্য গার্ডপাড়ায় একাধিক ভবন গড়ে ওঠে। ১৫০ বছরের পুরোনো ঐ কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় কর্মচারীরা আতঙ্ক নিয়ে বসবাস করছেন। তবে ধসেপড়া ঐ কোয়ার্টারে বসবাস করতেন অবৈধ দখলদার। তার নাম সাগর আলী। ভবনের ছাদ ধসে পড়ার সময় তিনি বাইরে ছিলেন বলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

প্রতিবেশী রেল কর্মচারী নাসিমুল হাসান জানান, সাগর একাই থাকতেন ঐ কোয়ার্টারে। কোয়ার্টারের ছাদ ধসে পড়ার ঘটনায় অন্যান্য কোয়ার্টারে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, গত এক সপ্তাহে এই অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। অতিবর্ষণের কারণে কোয়ার্টারের ছাদ ধসে পড়েছে বলে জানান তিনি। সৈয়দপুর শহরে এ ধররে একাধিক কোয়ার্টার রয়েছে। যা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে।