মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেধে ফেলে রেখে ট্রাক ভিড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে ‘সোহানা বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে দোকান আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ভোররাতে এক নারী মোবাইলে কল করে জানান এই ডাকাতির ঘটনা। সঙ্গে সঙ্গে আমি দোকানে এসে দেখি তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন বলেন, ভোর ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। আমি তাদের খোঁজ খবর নিতে গেলে তারা আমার বুকে দেশীয় অস্ত্র ঠেকায়। এরপর আমার চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখেনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, ভোররাতের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। ডাকাতির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিম-সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
