জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক সেনাপ্রধান এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল রবিবার এক শোকবার্তায় জেপি নেতৃদ্বয় বলেন, সংস্কার ও উন্নয়নের অগ্রপথিক হিসেবে জাতি তাকে স্মরণ করবে। তার মৃত্যুর মধ্য দিয়ে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
শোকবার্তায় জেপির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আরো বলেন, এইচ এম এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রপতি হয়েছিলেন এবং পরবর্তী সময়ে ১৯৮৬ সালের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এ দেশের শাসনভার পরিচালনা করেন। তিনি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেন। মহকুমাকে জেলায় উন্নীতকরণ, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, মেয়েদের শিক্ষাকে অবৈতনিককরণ, সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও মুজিবনগর স্মৃতিসৌধ; ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সিটি করপোরেশন স্থাপন, জাতীয় ওষুধনীতি প্রণয়ন, আন্তঃনগর ট্রেন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার বিস্ময়কর উন্নয়নসহ অসংখ্য কাজ তার শাসনামলে সমাধান হয়েছে। জেপি নেতৃদ্বয় এরশাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
