ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার মল্লিকনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী মৌসুমী আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২)। মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিকনগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখবাহী একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৌসুমী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজ হোসেনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানা জানান, মৌসুমী আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান।

বার বাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, ট্রাক্টর চাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালকের বিরুদ্ধে মামলা হবে।

ইত্তেফাক/এসএএস