উৎসব ও আনন্দের মাঝে পর্দা উঠলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের দ্বিতীয় আসর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:২৯

শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর, পাওয়ার্ড বাই পিপল এন টেক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় মাঠে কনটেন্ট কিংস ও অপরাজিত এ.এস ওয়ারিয়র্স'র ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয় এবারের আসর। এদিন চ্যাম্পিয়ন হয় এ.এস ওয়ারিয়র্স। 

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন-সংগ্রামের সংবাদ সংগ্রহে যখন মাল্টিমিডিয়া জার্নালিস্টরা ক্লান্ত তখন নতুন করে মনোবল তৈরি করতে আয়োজন করা হয় ৩দিন ব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৪’ (সিজন ২)। 

গত বছর মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু হয় এই প্রতিযোগিতার। ফাইনালসহ প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে বিভক্ত হয়ে এবারের আসরে অংশ নিয়েছে মোট ৮ দল। দুই দিনের রাউন্ড টেবিল খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলে সেমিফাইনাল। গতকাল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে এবারের আসরের।

‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৪’র ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আর্ন্তজাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় সাংবাদিকের সঙ্গে অল্প সময়ের জন্য ব্যাট হাতে ক্রিকেট খেলেন জনপ্রিয় এই বিএনপি নেতা। 

এবারের আসরের ৮টি দলের নেতৃত্বে ছিলেন- ‘মেঘনা ভিক্টোরিয়ান্সের’ অধিনায়ক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান হক, ‘বেঙ্গল ওয়ারিয়র্সের’ অধিনায়ক ডিবিসি নিউজে'র মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব পান্থ, ‘পদ্মা ফাইটার্সের’ অধিনায়ক বাংলাভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার শুভ খান, ‘ঢাকা কিংসের’ অধিনায়ক কালবেলার লিড মোজো আকরাম হোসেন, ‘শোবিজ সিক্সারের’ অধিনায়ক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মাসুম জয়, ‘কন্টেন্ট কিংসের’ অধিনায়ক নিউজ হান্টের হেড অব ডিজিটালের অমৃত মলংঙ্গী, ‘এ.এস ওয়ারিয়র্সের’ অধিনায়ক দৈনিক জবাবদিহির মাল্টিমিডিয়া ইনচার্জ আরমান হোসেন ও ‘রয়েল ভিক্টোরিয়ান্সের’ অধিনায়ক ভোরের পাতার মাল্টিমিডিয়া ইনচার্জ তরুণ বেগী। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়ায় সংশ্লিষ্টদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়ায় সংশ্লিষ্টদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়।

ইত্তেফাক/এমএএম