যমুনায় অবৈধ বালু উত্তোলন করায় হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে বসতবাড়ি ও জাতীয় গ্রিডের বৈদ্যুতিক সঞ্চালন টাওয়ার রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে ভুক্তভোগী গ্রামবাসীরা এ দাবি জানান। 

গ্রামবাসীর পক্ষ থেকে জামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন তেওতা ইউনিয়নের অন্তর্গত আলোকদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। ওই এলাকায় সরকারিভাবে কোনো বালু মহাল ইজারা না দেওয়ার পরেও মেসার্স তাকবীর এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান রাত-দিন নদী থেকে ১২ইঞ্চি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে আলোকদিয়া গ্রামের অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি ভাঙ্গনের মুখে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

তিনি বলেন, নদীর উপর দিয়ে বয়ে যাওয়া জাতীয় গ্রিডের ৩৩ হাজার কিলো ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় এসব টাওয়ারের তলদেশ থেকে মাটি সরে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। 

জামাল হোসেন তার লিখিত বক্তব্যে আরও বলেন, আমাদের আবাদি জমি, বাড়িঘর, সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা এবং চলাচলের রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অসাধু বালু ব্যবসায়ীদের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলেও তারা কর্ণপাত করছে না।

এ সময় বালু উত্তোলন বন্ধে সরকারের নৌ-পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাজু আহমেদ, সিরাজুল ইসলাম, মুক্তার হোসেন, সামসু মিয়াসহ অনেকে।

ইত্তেফাক/এসএএস